রিপোর্ট রুবেল তালুকদার টাইম নিউজ সেভেন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালেঞ্জা নদীতে মুরগির বর্জ্য ফেলার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ। বিশেষ করে ভদ্রঘাট বাজার সংলগ্ন এলাকায় প্রতিদিন বিপুল পরিমাণ মুরগির বর্জ্য নদীতে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের মতে, বাজারের প্রায় ৮ থেকে ১০টি মুরগির দোকানে প্রতিদিন গড়ে প্রায় ২০০টি করে মুরগি বিক্রি হয়। সে হিসেবে দৈনিক প্রায় ১৬০০টিরও বেশি মুরগির পালক, নাড়িভুঁড়ি ও অন্যান্য বর্জ্য নদীতে নিক্ষেপ করা হয়। এতে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ছে।

একজন সেচ প্রকল্প পরিচালনাকারী কৃষক জানান, নদীর পানি সহজে উত্তোলন করা যায় এবং এতে পলি থাকায় জমির উর্বরতা বৃদ্ধি পায়। কিন্তু বর্তমানে পানি উত্তোলনের সময় পাইপের সাথে মুরগির নাড়িভুঁড়ি ও ময়লা উঠে আসছে, ফলে সেচ কাজে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।
এছাড়া নদীর পানি ব্যবহার করে গোসল, গবাদিপশু ধোয়াসহ দৈনন্দিন কাজেও চরম বিড়ম্বনায় পড়ছেন স্থানীয়রা। তবে সম্প্রতি “প্যারাগন এগ্রো” নামক একটি প্রতিষ্ঠানের বর্জ্য ফেলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা সচেতনতা তৈরি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের হস্তক্ষেপে নদীতে বর্জ্য ফেলা বন্ধ এবং পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।