রায়গঞ্জে নির্বাচনী বিধি ভঙ্গের দায়ে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
রিপোর্ট রুবেল তালুকদার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) |
৭ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী বাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাটপাঙ্গাসী বাজারে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ম বহির্ভূতভাবে রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক সম্বলিত পোস্টার লাগানো হয়েছিল। এটি নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন হওয়ায় ম্যাজিস্ট্রেট মাসুদ রানা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে এই জরিমানা প্রদান করেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা জানান, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে প্রশাসন নিয়মিত তদারকি করছে। আচরণবিধি অনুযায়ী কোনো ব্যবসা প্রতিষ্ঠানে দলীয় পোস্টার বা প্রতীক প্রদর্শন করা দণ্ডনীয় অপরাধ। আজ দুটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান চলাকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।