কানাডায় শিখ নেতা মনিন্দর সিংয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ জাতিসংঘের বিশেষজ্ঞদের

, বিশ্ব

কানাডায় শিখ নেতা মনিন্দর সিংয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ জাতিসংঘের বিশেষজ্ঞদের

কানাডায় বসবাসরত শিখ অধিকারকর্মী মনিন্দর সিং ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কানাডা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের পাঁচ বিশেষজ্ঞ। গত ৩ জুন প্রেরিত এক চিঠিতে তারা সিংকে ঘিরে ‘বিদেশি ভয়ভীতি প্রদর্শন ও প্রতিশোধমূলক তৎপরতার’ অভিযোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। প্রায় দুই মাস পর এই চিঠির বিষয়টি প্রকাশ্যে আসে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ২০২২ সাল থেকে কানাডার কর্তৃপক্ষ মনিন্দর সিংকে চারবার ‘ডিউটি টু ওয়ার্ন’ নোটিশ দিয়েছে। এসব নোটিশে তার জীবনের ওপর বিশ্বাসযোগ্য ও আসন্ন হুমকির বিষয়ে সতর্ক করা হয়েছিল। জাতিসংঘের বিশেষজ্ঞরা কানাডাকে সিং ও তার পরিবারের সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি একই ধরনের ঝুঁকির মুখে থাকা কানাডায় অবস্থানরত অন্যদের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।

বিশেষজ্ঞরা এই অভিযোগগুলোর দ্রুত তদন্ত সম্পন্ন করা, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ প্রতিকার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। এই চিঠিটি সন্ত্রাসবাদ মোকাবিলায় মানবাধিকার সুরক্ষা, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা, মানবাধিকারকর্মীদের সুরক্ষা, ধর্মীয় স্বাধীনতা এবং গণতান্ত্রিক আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠার দায়িত্বে থাকা জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টার ও বিশেষজ্ঞরা যৌথভাবে লিখেছেন। তাদের একটি অনুলিপি ভারত সরকারের কাছেও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের এসব বিশেষ র‍্যাপোর্টার ও বিশেষজ্ঞরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করেন এবং মানবাধিকার পরিষদের নির্দেশে তদন্ত ও প্রতিবেদন তৈরি করেন। তারা জাতিসংঘের হয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেন না। চলতি বছরের শুরুতে মনিন্দর সিং জেনেভায় জাতিসংঘের কাছে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বিদেশে শিখ অধিকারকর্মীদের বিরুদ্ধে ভারতের কথিত আন্তঃদেশীয় দমন-পীড়নের অভিযোগ তুলে ধরেন।

শিখ অধিকারকর্মীদের অভিযোগ, বিশ্বের বিভিন্ন দেশে তাদের সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্যবস্তু করছে ভারত এবং এ কাজে সংগঠিত অপরাধী চক্রকে ব্যবহার করা হচ্ছে। তবে ভারত বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। এই বিতর্কের কেন্দ্রে রয়েছে ২০২৩ সালে কানাডার ভ্যানকুভারের শহরতলিতে শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড। নিজ্জর যে শিখ মন্দিরের নেতৃত্ব দিতেন, তার নিকটেই তাকে গুলি করে হত্যা করা হয়।

নিজ্জর ছিলেন মনিন্দর সিংয়ের ঘনিষ্ঠ বন্ধু। তৎকালীন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে এই হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুললে দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ২০২৪ সালে দুই দেশই বেশ কয়েকজন কূটনীতিককে বহিষ্কার করে। যদিও গত বছর মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী হওয়ার পর সম্পর্কের কিছুটা উন্নতি ঘটে এবং মার্চ মাসে কার্নি ভারত সফর করেন।

৪৪ বছর বয়সী মনিন্দর সিং স্বাধীন শিখ রাষ্ট্র ‘খালিস্তান’ প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে যুক্ত। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার সময় থেকে শুরু হওয়া এই আন্দোলনের সঙ্গে অতীতে ভারতের এক প্রধানমন্ত্রীকে হত্যা এবং যাত্রীবাহী বিমানে বোমা হামলার মতো ঘটনার অভিযোগ রয়েছে। খালিস্তান ইস্যুটি দীর্ঘদিন ধরেই ভারত ও পশ্চিমা দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে একটি বিতর্কিত বিষয় হিসেবে রয়ে গেছে।

জাতিসংঘের বিশেষজ্ঞরা চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছেন যে, মনিন্দর সিংয়ের বিরুদ্ধে হুমকিগুলো কানাডাসহ বিভিন্ন দেশে শিখ অধিকারকর্মীদের দমনে ভারতের ‘বৃহত্তর আন্তঃদেশীয় দমন-পীড়নের’ অংশ কি না। এই চিঠিকে ভারত সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগের একটি স্মারক হিসেবে দেখছেন মনিন্দর সিং। তিনি বলেন, শিখদের আত্মনিয়ন্ত্রণের পক্ষে কথা বলার কারণে তাদের কণ্ঠ স্তব্ধ করতে ভারতীয় রাষ্ট্র কত দূর যেতে প্রস্তুত, এটি তার স্পষ্ট প্রমাণ।

সিং আরও বলেন, কোনো বিদেশি রাষ্ট্র যখন ভিন্নমত দমাতে কানাডার মাটিতে সহিংসতা চালানোর সুযোগ পায়, তখন তা লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় ব্যর্থতার ইঙ্গিত দেয়। তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, ভয় দেখিয়ে তাকে নীরব করা যাবে না। তার মতে, খালিস্তানের পক্ষে তার নেতৃত্ব ও প্রচারণার ভিত্তি হলো আন্তর্জাতিক আইন, মানবাধিকারের নীতি এবং তার সম্প্রদায়ের মানুষের বাস্তব অভিজ্ঞতা।

৪৪ বছর বয়সী মনিন্দর সিং হরদীপ সিং নিজ্জরের মতোই শিখদের একটি প্রান্তিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত।

দুই দেশ বেশ কয়েকটি বাণিজ্য চুক্তি সই করে।

একই সময়ে কানাডার কর্তৃপক্ষ আগের নিরাপত্তাঝুঁকির মূল্যায়নও কিছুটা গুরুত্বহীন করে দেখাতে শুরু করে।