মার্সেলো বিয়েলসার স্থলাভিষিক্ত হিসেবে দিয়েগো ফোরলানকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ)। সংস্থাটির আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ৪৭ বছর বয়সী ফোরলান উরুগুয়ের জাতীয় দল এবং অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। দীর্ঘ কয়েক সপ্তাহের আলোচনার পর তার সাথে ২০২৭ সালের মার্চ পর্যন্ত চুক্তি চূড়ান্ত হয়েছে। তবে ফুটবল অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনের কারণে আপাতত দীর্ঘমেয়াদি পরিকল্পনার বদলে তার পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেপ্টেম্বর, অক্টোবর ও মার্চের প্রীতি ম্যাচগুলোতে দলের ডাগআউটে দেখা যাবে তাকে।
এর আগে ৭১ বছর বয়সী আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা মাঠের কৌশলগত ভুল এবং অবসর ভেঙে ফার্নান্দো মুসলেরাকে দলে ফেরানোর মতো বিতর্কিত সিদ্ধান্তের কারণে ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন। সর্বশেষ বিশ্বকাপে সৌদি আরব ও কেপ ভার্দের সাথে ড্র এবং স্পেনের কাছে হারের পর গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। গ্রুপে মাত্র দুই পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়ায় টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই দায়িত্ব ছাড়েন বিয়েলসা।
কোচ হিসেবে ফোরলানের অভিজ্ঞতা এখনো বেশ সীমিত। ২০২০ সালে নিজের সাবেক ক্লাব পেনারলের দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করলেও মাত্র ১১ ম্যাচ পরই বাজে ফলাফলের কারণে তাকে পদ ছাড়তে হয়। পরবর্তীতে ২০২১ সালে উরুগুয়ের দ্বিতীয় বিভাগের ক্লাব আতেনাসের হয়ে ১২ ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি।
খেলোয়াড় হিসেবে অবশ্য ফোরলান উরুগুয়ের ফুটবল ইতিহাসের অন্যতম সফল তারকা। জাতীয় দলের জার্সিতে ১১২ ম্যাচে ৩৬ গোল করা এই ফরোয়ার্ড ২০১০ বিশ্বকাপে ৫ গোল করে গোল্ডেন বল জিতেছিলেন, যা দলকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রাখে। এছাড়া লুইস সুয়ারেজের সাথে জুটি বেঁধে ২০১১ সালে কোপা আমেরিকা জয়েও তার অবদান ছিল অনস্বীকার্য। ক্লাব ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০০২-০৩ মৌসুমে প্রিমিয়ার লীগ শিরোপা জেতার পাশাপাশি ভিয়ারিয়াল ও আতলেতিকো মাদ্রিদে খেলার সময় দুবার ইউরোপিয়ান গোল্ডেন শু জয় করেছিলেন তিনি।



