বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন সংক্রান্ত প্রস্তাবিত নীতিমালা নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, নীতিমালা নিয়ে যেসব তথ্য প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ অনুমাননির্ভর ও অসত্য।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর একটি খসড়া তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই নীতিমালার মূল উদ্দেশ্য হলো দেশের জ্বালানি নিরাপত্তা সুসংহত করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা বজায় রাখা। জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রস্তাবিত এই নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক একটি বাজারব্যবস্থা গড়ে তোলাই এই খসড়া নীতিমালার অন্যতম লক্ষ্য। সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হচ্ছে, তাকে মন্ত্রণালয় ‘অনভিপ্রেত’ হিসেবে অভিহিত করেছে এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি খাতের সাথে সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত ও পরামর্শ গ্রহণের পরই নীতিমালাটি চূড়ান্ত করা হবে। জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই কেবল এই নীতিমালা প্রণয়নের বিষয়টি চূড়ান্তভাবে বিবেচনা করা হবে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, জাতীয় স্বার্থ ও প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই নীতিমালা সাজানো হচ্ছে।



