তেহরানের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না ইরান

, বিশ্ব

তেহরানের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না ইরান

তেহরানের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই শর্তগুলোর মধ্যে যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার দাবিও অন্তর্ভুক্ত রয়েছে। বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

রবিবার (৯ আগস্ট) আইআরজিসি এক বিবৃতিতে জানায়, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই হরমুজ প্রণালিতে কার্যত অবরোধ আরোপ করেছে তেহরান। একই সঙ্গে ইরান নিজেদের নির্ধারিত রুট ব্যবহার করে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের পরিকল্পনা গ্রহণ করেছে। যারা এই রুট এড়িয়ে চলার চেষ্টা করছে, তাদের লক্ষ্য করে হামলাও চালানো হচ্ছে বলে স্বীকার করেছে আইআরজিসি।

যুদ্ধের আগে আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত থাকা এই গুরুত্বপূর্ণ জলপথে ধারাবাহিক হামলার কারণে এপ্রিলে হওয়া যুদ্ধবিরতি ভেঙে পড়ে। বর্তমানে মধ্যস্থতাকারীরা দুই পক্ষকে জুনের সমঝোতার শর্তে ফিরে গিয়ে নতুন করে শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়ে আসছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ও এর ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। তিনি স্পষ্ট করেছেন যে, প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি জুনের সমঝোতা লঙ্ঘনের জন্য ক্ষতিপূরণ এবং অন্যান্য শর্ত পূরণের ওপর পুরোপুরি নির্ভর করছে।

রবিবার আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা চলার দাবি নাকচ করে দিয়েছেন। তিনি জানান, দুই দেশ সরাসরি নয়, বরং মধ্যস্থতাকারীদের মাধ্যমে কেবল ‘বার্তা আদান-প্রদান’ করছে। এর আগে শনিবার ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান মোহাম্মদ বাঘের জোলঘাদর হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য তেহরানের কয়েকটি সুনির্দিষ্ট শর্ত তুলে ধরেন। এর মধ্যে ইরান এবং লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকে তাদের মিত্রদের বিরুদ্ধে চলমান ‘যুদ্ধ ও আগ্রাসন’ বন্ধ করার বিষয়টি প্রধান্য পেয়েছে।

ইরানের তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এ ছাড়া ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধ প্রত্যাহার, সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বিদেশে জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে। আইআরজিসি বলেছে, ‘শত্রুপক্ষ আমাদের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি বন্ধ রাখাই তাদের বর্তমান কৌশল। বাহিনীটি বলেছে, তাদের কাছে এই প্রণালি এখন আর কেবল একটি সাধারণ নৌপথ নয়, বরং কার্যত একটি ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শনিবার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হরমুজ প্রণালি অতিক্রমের সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) মালিকানাধীন একটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আমিরাত এই ঘটনাকে ‘শত্রুতামূলক হামলা’ হিসেবে উল্লেখ করলেও এতে কেউ হতাহত হয়নি। একই দিন যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালিতে একটি জাহাজে কোনো একটি বস্তু আঘাত হানে, যার ফলে আগুন ধরে যায়। যদিও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ইউকেএমটিওর উল্লেখ করা জাহাজটি এডিএনওসির ট্যাংকার কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।