যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট ও এক ক্রু সদস্য নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলের রকি পর্বতমালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বার্তাসংস্থা আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রিচফিল্ড শহরের দক্ষিণ-পশ্চিমে থ্রি ক্রিকস জলাধার এলাকায় সিকোরস্কি এস-৬৪ ‘স্কাইক্রেন’ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এটি ওয়াইডমাউথ টু দাবানলের দক্ষিণ-পূর্ব প্রান্তের কাছে ঘটে।
যুক্তরাষ্ট্রের বন বিভাগের সঙ্গে চুক্তির আওতায় হেলিকপ্টারটি পরিচালনা করছিল ‘হেলিকপ্টার ট্রান্সপোর্ট সার্ভিস’ নামের একটি কোম্পানি। দুর্ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পর শনিবার ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার (এনআইএফসি) দুই আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি জানায়, হেলিকপ্টারে থাকা দুই সদস্যই গুরুতর আহত হয়েছিলেন। তীব্র দাবানল এবং খাড়া পাহাড়ি ঢালের কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হয়। শনিবার ধ্বংসাবশেষ থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
দাবানলের পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় এনআইএফসি ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ইউটার গভর্নর স্পেন্সার কক্স দাবানল নিয়ন্ত্রণের কাজকে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কাজগুলোর একটি’ বলে বর্ণনা করেছেন। গত ২৭ জুলাই ফিসলেক জাতীয় বনে বজ্রপাত থেকে ওয়াইডমাউথ টু দাবানলের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার হেক্টর বনভূমি পুড়িয়ে দিয়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে এটি চলতি বছরে ইউটার সবচেয়ে বড় দাবানলে পরিণত হতে পারে।
কর্মকর্তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত দাবানলের মাত্র ২৪ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের কারণে আশপাশের বেশ কয়েকটি বসতি হুমকির মুখে রয়েছে। ক্রমাগত দাবানল ও প্রাণহানির ঘটনায় ইউটায় আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত কর্মীদের ঝুঁকি এবং অগ্নিনির্বাপণ কার্যক্রমের কঠিন পরিস্থিতি আবারও সামনে এসেছে।
চলতি বছর ইউটায় এটি দ্বিতীয় প্রাণঘাতী দাবানল। এর আগে জুনে কলোরাডো সীমান্তের কাছে নোলজ ও গোর দাবানল নিয়ন্ত্রণের সময় তিন দমকলকর্মী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক দমকলকর্মীর মৃত্যু হয়। এই ধারাবাহিক প্রাণহানি অঞ্চলটিতে অগ্নিনির্বাপণ কর্মীদের নিরাপত্তা ও ঝুঁকির বিষয়টি নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে বলে জানা যায়।
একই সঙ্গে কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।



