ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান এবং ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে শৈলকুপা থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা মডেল মসজিদের সামনে অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গভীর রাতে পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, শৈলকুপায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিলকে কেন্দ্র করে দায়ের করা নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।



