এসএসসি ও এইচএসসিসহ সব ধরনের পাবলিক পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, খাতা পুনর্মূল্যায়নের ক্ষেত্রে একটি নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এই নীতিমালার আওতায় কোন ধরনের উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে, তা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী জানান, এবারের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ইতোমধ্যে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে। এত বিপুল সংখ্যক আবেদন যাচাই-বাছাই করা অত্যন্ত কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। এই বাস্তবতার পরিপ্রেক্ষিতেই মূলত খাতা পুনর্মূল্যায়ন প্রক্রিয়ায় শৃঙ্খলা ফেরাতে নতুন নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও জানান, বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ করতে ভিসা নীতি শিথিল করার পরিকল্পনা নিয়েছে সরকার। এর ফলে বিদেশি শিক্ষার্থীরা এখন থেকে আরও সহজে বাংলাদেশের ভিসা সুবিধা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভিইটি) কোনো বিকল্প নেই। শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারের দিকেও বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন এবং কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান বক্তব্য রাখেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান ড. অশ্বিন ফার্নান্দেজ।



