গ্রিসে হানিমুন ভ্রমণে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রিটিশ দম্পতি

, বিশ্ব

গ্রিসে হানিমুন ভ্রমণে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রিটিশ দম্পতি

গ্রিসের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সিফনোস দ্বীপে এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় ব্রিটিশ নবদম্পতিসহ মোট তিনজন নিহত হয়েছেন। গ্রিক পুলিশের তথ্যানুযায়ী, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে আলেকজান্ডার ক্রোমি ও মেরি এবার্ট হিসেবে। বিয়ের পর হানিমুন উদযাপনের উদ্দেশ্যে গ্রিসে ভ্রমণে এসেছিলেন এই দম্পতি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, রাজধানী এথেন্সের নিকটবর্তী মার্কোপুলো গ্রাম থেকে একটি ব্যক্তিগত বেল ২০৬ মডেলের হেলিকপ্টারে চড়ে তারা সিফনোস দ্বীপের দিকে যাত্রা করেছিলেন। স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে গন্তব্যে পৌঁছানোর ঠিক আগমুহূর্তে হেলিপ্যাড থেকে মাত্র কয়েক মিটার দূরে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নবদম্পতি এবং তাদের গ্রিক পাইলট ঘটনাস্থলেই প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অবতরণের ঠিক আগমুহূর্তে হেলিকপ্টারটির ইঞ্জিন থেকে অস্বাভাবিক ও বিকট শব্দ শোনা যাচ্ছিল। মুহূর্তের মধ্যেই সেটি বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়ে। সিফনোসের ডেপুটি মেয়র মানোলিস ফাউন্দুলাকিস জানান, দুর্ঘটনার তীব্রতা এত বেশি ছিল যে হেলিকপ্টারটির প্রায় কিছুই অবশিষ্ট ছিল না। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো উদ্ধার করেন।

নিহত আলেকজান্ডার ক্রোমি বৈশ্বিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন এবং মেরি এবার্ট পরামর্শক প্রতিষ্ঠান বেইন অ্যান্ড কোম্পানি-তে কর্মরত ছিলেন। তাদের অকাল মৃত্যুতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো গভীর শোক প্রকাশ করেছে। বর্তমানে গ্রিসের এভিয়েশন সেফটি অথরিটি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে গ্রিক কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে কাজ করছে।