দেশের চলমান জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতার সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই সফরের অংশ হিসেবে মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারির সঙ্গে পৃথকভাবে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং আর্থিক খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। আলোচনার বিষয়গুলো এগিয়ে নিতে এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়েও একমত হয়েছে দুই পক্ষ।
বর্তমানে বাংলাদেশ গ্যাস ও বিদ্যুৎ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশীয় গ্যাস উৎপাদন হ্রাস পাওয়া এবং ভাসমান এলএনজি টার্মিনালগুলোর রক্ষণাবেক্ষণজনিত জটিলতার কারণে জ্বালানি সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি খাতের অন্যতম প্রধান সরবরাহকারী দেশ হিসেবে কাতারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এলএনজি আমদানি সহজতর করতে এবং জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে দেশটির সাথে সম্পর্ক আরও নিবিড় করার ওপর জোর দিচ্ছে ঢাকা। দেশে জ্বালানির চাহিদা বাড়ার সঙ্গে আমদানি নির্ভরতাও বাড়ছে। এ অবস্থায় নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কাতারের মতো বিশ্বের প্রথম সারির জ্বালানি সরবরাহকারী দেশগুলোর সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ।



