পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে কাজের পরিধি সুনির্দিষ্ট করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। রোববার মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়, যা প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে কার্যকর করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি নির্দেশনা ও তত্ত্বাবধানে দুই প্রতিমন্ত্রী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলে পরিপত্রে উল্লেখ রয়েছে।
নির্ধারিত দায়িত্ব অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি সংক্রান্ত বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামকে সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং সৃজনশীল অর্থনীতির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া তিনি এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখভাল করবেন।



