ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মাধবপুর গ্রামে মর্মান্তিক এক দুর্ঘটনায় কৃষক দম্পতি প্রাণ হারিয়েছেন। বুধবার সকালে নিজ বাড়ির গোয়ালঘরে গরুর জন্য ঘাস কাটার সময় বৈদ্যুতিক মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই দম্পতির মৃত্যু হয়। নিহতরা হলেন মাধবপুর গ্রামের বাসিন্দা অমরেন্দ্র নাথ ভৌমিক (৭২) এবং তার স্ত্রী মিনা ভৌমিক (৫৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে অমরেন্দ্র নাথ গোয়ালঘরে বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটছিলেন। হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে তাকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী মিনা রানী ভৌমিক। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করেন।
উদ্ধারের পর তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসাদুজ্জামান জোহা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



