যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক তলানিতে, কাঠগড়ায় নেতানিয়াহুর নীতি

, বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক তলানিতে, কাঠগড়ায় নেতানিয়াহুর নীতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে প্রভাবশালী ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিতর্কিত নীতি ও কর্মকাণ্ডকে দায়ী করে বলা হয়েছে, তিনি দুই দেশের মধ্যকার সম্পর্ককে এক নজিরবিহীন নিম্নস্তরে নামিয়ে এনেছেন। হারেৎজ জানিয়েছে, এই ঝুঁকির বিষয়ে বহু বছর আগে থেকেই সতর্ক করা হলেও নেতানিয়াহু তা আমলে নেননি।

বিশ্লেষণে বলা হয়েছে, মার্কিন রাজনীতিতে বিশেষ করে রিপাবলিকান ও ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নেতানিয়াহুর প্রকাশ্য পক্ষপাতিত্ব ডেমোক্রেটিক মহলে ইসরাইলের গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। তবে পরিস্থিতির অবনতি কেবল ডেমোক্র্যাটদের মধ্যেই সীমাবদ্ধ নেই। বর্তমান সরকারের দুই মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোটরিচের বিতর্কিত কর্মকাণ্ডের ফলে রিপাবলিকান সমর্থক মহলেও ইসরাইলের প্রতি সমর্থন কমে আসছে।

ইসরাইলের বর্তমান পরিস্থিতির পেছনে ইরান যুদ্ধ পরবর্তী জ্বালানির উচ্চমূল্য, ফিলিস্তিনিদের ওপর উগ্রবাদী বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাগুলোকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। হারেৎজ বলছে, এসব ঘটনার জের ধরে ইসরাইলের সবচেয়ে বড় মিত্ররাও কঠোর সমালোচনা করছেন। এমনকি জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর কোনো বাগাড়ম্বরপূর্ণ ভাষণও এই বাস্তবতাকে ধামাচাপা দিতে সক্ষম নয়।

সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, বিশেষ করে তরুণ মার্কিন প্রজন্মের মধ্যে ইসরাইল সম্পর্কে ইতিবাচক ধারণা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দুই দেশের ভবিষ্যতের সম্পর্কের ওপর এটি কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তা নিয়ে প্রতিটি ইসরাইলি নাগরিকের নতুন করে ভাবা প্রয়োজন বলে মনে করে সংবাদমাধ্যমটি।