বার ও অ্যালকোহল পরিবেশন রাত ১১টার মধ্যে বন্ধের দাবি

, বাংলাদেশ

বার ও অ্যালকোহল পরিবেশন রাত ১১টার মধ্যে বন্ধের দাবি

রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী ও উত্তরাসহ দেশের বিভিন্ন স্থানে অ্যালকোহল পরিবেশনকারী প্রতিষ্ঠানগুলো রাত ১১টার মধ্যে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকুর আলী জুনু নিজে বাদী হয়ে এই রিটটি দায়ের করেছেন।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, ডিএমপি কমিশনার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং ঢাকা কাস্টম হাউসের কমিশনারকে বিবাদী করা হয়েছে।

আবেদনকারীর মতে, যেসব বারের ক্ষেত্রে আইন অনুযায়ী আগে থেকেই বন্ধের সময়সীমা নির্ধারিত রয়েছে, তা কঠোরভাবে কার্যকর করা প্রয়োজন। যেখানে এই সময়সীমা স্পষ্ট নয়, সেখানে জনস্বার্থ বিবেচনা করে রাত ১১টার মধ্যে বার বন্ধের একটি অভিন্ন নীতি প্রণয়ন করা যায় কি না, তা আইন অনুযায়ী যাচাই করার আবেদন জানানো হয়েছে। রিটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বর্তমান সময়ে রাত ১১টা বাধ্যতামূলক আইনগত সময়—এমন দাবি করা হয়নি; বরং বিদ্যমান আইন কার্যকর এবং নতুন নীতিমালার বিষয়টি পর্যালোচনার দাবি জানানো হয়েছে।

লাইসেন্সবিহীন মদ বিক্রি, লাইসেন্সের শর্ত লঙ্ঘন এবং কনজাম্পশন পারমিট ছাড়া ব্যক্তিদের কাছে অ্যালকোহল বিক্রির মতো অভিযোগগুলো তদন্তের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া পাঁচতারকা হোটেল বা বিলাসবহুল রেস্তোরাঁ পরিচালনার সাধারণ অনুমতি থাকলেই মদ বিক্রির বৈধতা পাওয়া যায় না, বরং এর জন্য সুনির্দিষ্ট অ্যালকোহল লাইসেন্স থাকা বাধ্যতামূলক বলে রিটে উল্লেখ করা হয়। এসব পরিদর্শনে লাইসেন্সের বৈধতা ও নবায়ন, অনুমোদিত স্থান, কার্যক্রমের সীমা, কোটা ও অন্যান্য শর্ত যাচাইয়ের নির্দেশনা চাওয়া হয়েছে। কিছু হোটেল, ক্লাব, বার ও বিনোদনকেন্দ্রে অনুমোদনহীন ডিজে অনুষ্ঠানসহ অন্যান্য বিনোদনমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগও রিটে তুলে ধরা হয়েছে।

চোরাচালান বা শুল্ক ফাঁকি দিয়ে আনা অ্যালকোহল বেচাকেনার বিষয়টি রোধে কাস্টমস ও এনবিআর কর্তৃপক্ষকে আরও সক্রিয় হওয়ার অনুরোধ করা হয়েছে। এতে বলা হয়েছে, বিক্রিত মদের বৈধ কাগজপত্র, আমদানি শুল্কের নথি এবং স্টক রেজিস্টার নিয়মিত যাচাই করা আবশ্যক। সেই সঙ্গে ডিজে পার্টির নামে অনুমোদনের বাইরে বাড়তি বিনোদনমূলক কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। তবে রিটে বলা হয়েছে, কেবল অভিযোগের ভিত্তিতে যেন ব্যবস্থা না নেওয়া হয়; বরং যথাযথ প্রমাণের ভিত্তিতেই আইনানুগ পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে আমদানি-সংক্রান্ত কাগজপত্র, ক্রয় চালান, কাস্টমস ডিক্লারেশন, শুল্ক পরিশোধের নথি, স্টক রেজিস্টারসহ প্রয়োজনীয় নথি যাচাইয়ের আবেদন করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও শুল্ক বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করে একটি স্বচ্ছ জনঅভিযোগ ব্যবস্থা গড়ে তোলার দাবিও রয়েছে রিটে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর পরিদর্শন রিপোর্ট এবং কতগুলো লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তার একটি তালিকা দাখিল করার নির্দেশ চেয়েছেন আবেদনকারী।

রিটটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গুলশান, বনানী ও উত্তরার সন্দেহভাজন ও অননুমোদিত বারগুলোতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত পরিদর্শনের অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া মাত্রই সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনি ক্ষমতার প্রয়োগ ঘটিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে রিটে।