কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় একটি স্বাধীন সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছে প্রযুক্তিশিল্পের তিন বড় প্রতিষ্ঠান গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিক। ‘স্ট্যান্ডার্ডস অথরিটি ফর ফ্রন্টিয়ার এআই’ বা ‘সাফা’ নামে পরিচিত হতে যাওয়া এই সংস্থাটির মাধ্যমে এআই মডেলের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা যাচাইয়ের নতুন মানদণ্ড তৈরি করার পরিকল্পনা রয়েছে। চলতি বছরের শেষ নাগাদ অথবা ২০২৭ সালের শুরুর দিকে এটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রস্তাবিত এই সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের জন্য তিন প্রতিষ্ঠান ইতিমধ্যে আলোচনা শুরু করেছে। এই পদের জন্য যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সাবেক এআই নীতি উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন এবং হোয়াইট হাউসের অফিস অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসির সাবেক পরিচালক আরতি প্রভাকরের নাম আলোচনায় রয়েছে। সংস্থাটি মূলত সরকারি নিয়ন্ত্রণের বাইরে স্বাধীনভাবে কাজ করবে এবং উন্নত এআই মডেলগুলোকে বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার আগে কঠোর নিরাপত্তা যাচাইয়ের সুযোগ তৈরি করবে। তাঁকেও সাফার সিইও পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এই উদ্যোগের মূল কারণ হলো, বর্তমান মার্কিন সরকারের ‘সেন্টার ফর এআই স্ট্যান্ডার্ডস অ্যান্ড ইনোভেশন’-এর আধুনিক এআই মডেলগুলো পরীক্ষার মতো প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা বা অর্থায়নের অভাব থাকতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সাফার কাজ হবে ডেভেলপারদের নিরাপত্তা মান নিশ্চিত করতে সহায়তা করা এবং এআই শিল্পের জন্য নির্দিষ্ট ও পরীক্ষাযোগ্য মানদণ্ড তৈরি করা।
এর আগে গত জুলাই মাসে গুগল ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ও অ্যালফাবেটের প্রধান বিজ্ঞানী ডেমিস হাসাবিস এ ধরনের একটি স্বতন্ত্র মান নির্ধারণকারী সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তিনি ফিন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রেগুলেটরি অথরিটির (ফিনরা) মতো একটি কাঠামোর কথা উল্লেখ করেছিলেন, যা সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে পরিচালিত হতে পারে। গত ১০ দিন আগেই ওপেনএআইয়ের এক মুখপাত্র নিশ্চিত করেছিলেন যে, গুগল ও অ্যানথ্রপিকের সঙ্গে তারা একটি যৌথ নিরাপত্তা কাঠামো নিয়ে কাজ করছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রেগুলেটরি অথরিটিন (ফিনরা) উদাহরণও দেন তিনি।
এআই বাজারে আধিপত্য বিস্তারের দৌড়ে এই প্রতিষ্ঠানগুলো তীব্র প্রতিযোগিতায় লিপ্ত থাকলেও, প্রযুক্তির নিরাপত্তা ও সাইবার ঝুঁকি নিয়ে তাদের ওপর বৈশ্বিক চাপ বাড়ছে। সম্প্রতি অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই একটি নিবন্ধে সতর্ক করে বলেছেন যে, এআইয়ের সক্ষমতা বৃদ্ধির তুলনায় নিরাপত্তার ব্যবস্থা মজবুত করতে শিল্প খাতকে আরও সময় দেওয়া প্রয়োজন। তিনি ফ্রন্টিয়ার মডেল তৈরির গতি সাময়িকভাবে ধীর করার পক্ষে মত দিয়েছেন, যাতে প্রযুক্তির বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়।



