পুরো ইয়েমেন উদ্ধারে বড় সামরিক অভিযান শুরু

, বিশ্ব

পুরো ইয়েমেন উদ্ধারে বড় সামরিক অভিযান শুরু

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলো পুনর্দখলে নিতে বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে সৌদি আরব সমর্থিত ইয়েমেন সরকার। প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি গত রোববার এক টেলিভিশন ভাষণে এই অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসী মিলিশিয়া গোষ্ঠীর কবল থেকে পুরো দেশ মুক্ত না হওয়া পর্যন্ত সরকারি বাহিনীর এই সামরিক তৎপরতা অব্যাহত থাকবে। অভিযানের প্রেক্ষাপটে দেশটির একজন সামরিক মুখপাত্র হুতিদের অস্ত্র ফেলে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন।

আনুষ্ঠানিকভাবে ‘আনসার আল্লাহ’ নামে পরিচিত হুতিরা ২০১৪ সাল থেকে রাজধানী সানা ও দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। দেশটির জনসংখ্যার বড় অংশই বর্তমানে এই অঞ্চলগুলোতে বসবাস করে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের সামরিক চাপ ও ধারাবাহিক হামলা সত্ত্বেও হুতিরা নিজেদের অবস্থান ধরে রেখেছে। এমনকি ইরানের সহায়তায় তারা তাদের অস্ত্রভাণ্ডার আরও আধুনিক করেছে। গত মাসে আকস্মিক এক অভিযানে তারা বাব আল-মান্দেব প্রণালি এবং লোহিত সাগরের প্রায় ১৫০ কিলোমিটার উপকূল দখল করে নেয়। এর ফলে আন্তর্জাতিক নৌপথটিতে তাদের নিয়ন্ত্রণ ও প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই ঘটনাটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইল সংঘাতের প্রেক্ষাপটে একটি নতুন ফ্রন্ট হিসেবেও দেখা হচ্ছে, যেখানে তেহরান হরমুজ প্রণালিতে তেল পরিবহনে বাধা সৃষ্টির মতো পাল্টা কৌশল গ্রহণ করেছে।

এদিকে ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএলসি) যখন এই অভিযানের ঘোষণা দিচ্ছে, ঠিক তখনই হুতিরা দাবি করেছে যে, তারা সৌদি আরবের রিয়াদ ও খুরাইস এলাকায় অবস্থিত সৌদি আরামকোর বিভিন্ন স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি, এসব হামলায় স্থাপনাগুলোতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। অন্যদিকে, হুতিদের এই দাবির মাত্র ১২ ঘণ্টার মধ্যে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে অন্তত ৫০টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মূলত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবেই এই পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি জোট।