বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সানি সারোয়ারকে অব্যাহতি প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার দলের উপ-দপ্তর সম্পাদক নাইম হোসেন শান্তর সই করা এক সাংগঠনিক আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। দলের কেন্দ্রীয় সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলামের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সানি সারোয়ারের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী গুরুতর কর্মকাণ্ড এবং নীতিবিরোধী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করেই তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।
এই বহিষ্কারাদেশের বিষয়টি সামনে এসেছে রাজধানীর মতিঝিলের আলোচিত ‘বাংলার বাণী ভবন’ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পরপরই। ওই প্রতিবেদনে ভবনটির নিয়ন্ত্রণ এবং দখল সংক্রান্ত নানা তথ্য উঠে এসেছিল। ৫ই আগস্টের সরকার পতনের পর থেকেই ভবনটি ঘিরে কয়েক দফা দখলের চেষ্টার ঘটনা ঘটে। সর্বশেষ গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ভবনটির বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নেয়। অভিযোগ রয়েছে, এই প্রক্রিয়ার নেপথ্যে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ভবনটির দুটি ফ্লোর বর্তমানে তালাবদ্ধ রয়েছে, যা নুরের সরাসরি নির্দেশেই করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভবনটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানা যায়, ৫ই আগস্টের পরবর্তী অস্থিরতায় বিক্ষুব্ধ জনতা একবার সেখানে হামলা চালিয়েছিল। পরবর্তীতে নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে গণঅধিকার পরিষদের নেতারা ভবনটি দখলে নেওয়ার চেষ্টা চালান। একই সময়ে বিএনপি’র কিছু নেতাকর্মীও সেখানে উপস্থিত হয়ে দখলের চেষ্টা করলেও পরে তারা সরে দাঁড়ান। বর্তমানে ভবনটির পেছনের অংশে একটি রেস্টুরেন্টও উদ্বোধন করা হয়েছে, যার মালিকানায় গণঅধিকার পরিষদের পরিচয়ধারী ব্যক্তিরা জড়িত আছেন। শুধুমাত্র একটি বেসরকারি ব্যাংকের ব্যবহৃত অংশটুকু দখলের বাইরে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করছেন নুরুল হক নুরের আত্মীয় পরিচয় দেওয়া সারোয়ার হোসেন সানী। তিনি গণঅধিকার পরিষদের ব্যানার ব্যবহার করেই এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। প্রতিবেদনে সানি সারোয়ারের নাম উঠে আসার পরপরই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো। এ বিষয়ে গণঅধিকার পরিষদ বা সংশ্লিষ্ট মহলের পরবর্তী কোনো ভাষ্য পাওয়া যায়নি, তবে প্রকাশিত প্রতিবেদনের বিষয়বস্তু ও উপস্থাপিত তথ্যের বিষয়ে নিজস্ব অবস্থানে অটল থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।



