কাতারের উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহতের খবর

, বিশ্ব

কাতারের উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহতের খবর

কাতারের উত্তর উপকূল থেকে ৯৪ কিলোমিটার উত্তরে পারস্য উপসাগরীয় এলাকায় একটি বহুজাতিক তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) নিশ্চিত করেছে যে, বুধবার সংঘটিত এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে আক্রান্ত জাহাজটির পরিচয় বা নিহতের নির্দিষ্ট সংখ্যা সম্পর্কে সংস্থাটি এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এ ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বুধবার মদিনাত আশ শামাল থেকে ৯৪ কিলোমিটার (৫৮ মাইল) উত্তরে সমুদ্রসীমায় জাহাজটিতে এই হামলা চালানো হয়। এছাড়া আক্রান্ত জাহাজটি কোন দেশের সে বিষয়েও কিছু জানানো হয়নি।

বাণিজ্যিক নৌ-পরিবহন বিষয়ক সাময়িকী দ্য মেরিটাইম এক্সিকিউটিভের মতে, পারস্য উপসাগরের মধ্যবর্তী বা পশ্চিমাঞ্চলে এ ধরনের হামলার ঘটনা সচরাচর দেখা যায় না। কাতার তাদের এক্সক্লুসিভ অর্থনৈতিক এলাকায় ঘটা এই নজিরবিহীন নিরাপত্তা সংকটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার প্রভাব বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর পড়ছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরুর আগে এই পথ দিয়ে প্রতিদিন গড়ে ১২৫টি বড় বাণিজ্যিক জাহাজ চলাচল করত, যা বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ২০ শতাংশ বহন করত। বর্তমান পরিস্থিতিতে ইরান প্রণালিটি অবরুদ্ধ করে রাখায় এবং ওয়াশিংটনের অবরোধের কারণে নৌ-চলাচল ব্যাহত হচ্ছে।

ইউকেএমটিও জানিয়েছে, চলতি অক্টোবরের শুরুতেই হরমুজ প্রণালিতে অন্তত ৯টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যা সেপ্টেম্বর মাসের মোট আক্রমণের প্রায় অর্ধেক। তবে তথ্য সংস্থা কেপলারের প্রতিবেদন অনুযায়ী, এসব বাধা সত্ত্বেও গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি যুদ্ধপূর্ব দৈনিক ১৮ মিলিয়ন ব্যারেল থেকে বেড়ে ১৮ দশমিক ৩ মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে।