সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের একটি চার লাইনের কবিতা পোস্ট করার পর থেকেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। নিজের ব্যক্তিগত এক্স-হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনে কি পারি? গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয়গান, গেরুয়াময় হয়েছে আমার প্রাণ।’ এই কবিতা প্রকাশের পরপরই তা নেটপাড়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানা মহলে আলোচনার জন্ম দেয়।
অরিজিৎ সাধারণত তার সৃষ্টিশীল কাজ এবং সাধারণ জীবনযাপনের জন্য সমাদৃত। তবে পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফলাফল প্রকাশের দিন তার এই বার্তা সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করছে কি না, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গেরুয়া শিবিরের আধিপত্য নিয়ে তিনি ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। আবার অন্য অংশের মতে, এটি কোনো রাজনৈতিক বার্তা নয়, বরং গায়কের নিজস্ব কাব্যিক শৈলীতে প্রকাশিত অভিব্যক্তি।
শিল্পী হিসেবে অরিজিৎ বরাবরই সাহসের পরিচয় দিয়ে এসেছেন। এর আগে আরজি কর কাণ্ডে তার গাওয়া ‘আর কবে’ গানটি নাগরিক প্রতিবাদে বিশেষ মাত্রা যোগ করেছিল। এছাড়া নিট (NEET) পরীক্ষার অনিয়ম ইস্যুতে তিনি প্রকাশ্যেই কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাই তার নতুন এই পোস্টটিকেও অনেকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন।
যদিও অরিজিতের এই পোস্টটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক শোরগোল পড়ে গেছে, তবে গায়ক নিজে এখনো এই বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা বা বিস্তারিত মন্তব্য করেননি। তার নীরবতা এবং ইঙ্গিতপূর্ণ কবিতাটি যে রাজনীতির মাঠে বেশ কৌতুহলের জন্ম দিয়েছে, তা স্পষ্ট।



