ফলোআপ চিকিৎসা শেষে বুধবার রাতে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল। তিনি জানান, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে। গত ১৬ সেপ্টেম্বর তিনি ফলোআপ চিকিৎসার জন্য মালয়েশিয়া গিয়েছিলেন এবং সেখানে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে দীর্ঘ পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর গত ২ সেপ্টেম্বর তিনি দেশে ফিরেছিলেন। তার অসুস্থতার সূত্রপাত হয় গত ১১ মার্চ, যখন ইফতারের সময় তিনি জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দ্রুত অস্ত্রোপচারের পর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে টানা দেড় মাস চিকিৎসার পর তাকে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। গত ১১ মার্চ ইফতারের সময়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাতেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।



