ঐতিহাসিক কাতার সফররত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সম্মানে দোহায় অবস্থিত লুসাইল প্রাসাদে এক রাজকীয় নৈশভোজের আয়োজন করেছেন কাতারের আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি। এই আয়োজনে ফরাসি প্রেসিডেন্ট এবং তাঁর সফরসঙ্গী উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন। কাতারের আমিরের সহধর্মিণী হার হাইনেস শেখা জওয়াহের বিনতে হামাদ বিন সুহাইম আল থানিও নৈশভোজে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে কাতারের আমির দুই দেশের দীর্ঘদিনের পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং যৌথ মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই সফর দুই দেশের মধ্যকার অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত সম্পর্কের ক্ষেত্রগুলোকে আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে।
জবাবে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ কাতারের আমিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই দেশের নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ ও অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রশংসা করে তিনি প্রযুক্তি, জ্বালানি এবং শিল্প খাতে দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি, ভবিষ্যৎমুখী সম্ভাবনাময় খাতগুলোতে যৌথ বিনিয়োগ নিশ্চিত করতে ‘ওয়ান প্ল্যানেট’ সাভরেন ওয়েলথ ফান্ডের আওতায় নিরবচ্ছিন্নভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে কাতারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে রয়েছেন আমিরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ জসিম বিন হামাদ আল থানি, সাবেক প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন খলিফা আল থানি, শেখ মোহাম্মদ বিন খলিফা আল থানি, শেখ জসিম বিন খলিফা আল থানি এবং প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি। এছাড়া শূরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিম, রাজপরিবারের সদস্যবৃন্দ, সরকারের মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরাও নৈশভোজে অংশ নেন।



