অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবি সত্ত্বেও ইসরাইলি বাহিনীর হামলা ও প্রাণহানি কমছে না। সর্বশেষ হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত হয়েছেন। ‘আবু মাহমুদ’ নামে পরিচিত এই কমান্ডারকে হারানোর তথ্যটি সংগঠনটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তার আগে এই ব্রিগেডের দায়িত্ব পালন করতেন নায়েল আবু ওবেইদ, যিনি ‘আবু আতিয়া’ নামে পরিচিত ছিলেন। ২০২৬ সালের সেপ্টেম্বরে নিহত হওয়ার পর সেই দায়িত্ব গ্রহণ করেছিলেন সামির আবু ইউনুস।
গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সেও সম্প্রতি বড় ধরনের অভিযান চালিয়েছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর দাবি, ওই হামলায় হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং সেখানে আশ্রয় নেওয়া আরও কয়েকজনকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এই ঘটনায় একজন চিকিৎসক ও এক শিশুসহ মোট ছয়জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।
হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে একটি যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, হামাস যোদ্ধাদের টার্গেট করার অযুহাতে ইসরাইল আসলে চিকিৎসাকেন্দ্রে নতুন করে অপরাধ সংঘটন করছে এবং তা আড়ালের চেষ্টা করছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতালগুলো সুরক্ষিত থাকা জরুরি।
এক বিবৃতিতে হামাস উল্লেখ করেছে, দখলদার বাহিনীর এই সহিংসতা ও যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধে মধ্যস্থতাকারী দেশগুলো এবং মার্কিন প্রশাসনকে জরুরি ভূমিকা রাখতে হবে। গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের পরিসংখ্যান বলছে, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।



