শেখ হাসিনাকে ফেরাতে ভারত যা চাইছে, জানাল টেলিগ্রাফ

, বাংলাদেশ

শেখ হাসিনাকে ফেরাতে ভারত যা চাইছে, জানাল টেলিগ্রাফ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি সম্পৃক্ততা চায় ভারত। ভারতের সরকারি ও সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ অনলাইন পত্রিকা টেলিগ্রাফ জানিয়েছে, নয়াদিল্লি মনে করে, হাসিনার প্রত্যাবর্তন প্রক্রিয়াটি আকাশ বা স্থলপথে সম্পন্ন হতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ থেকে একটি সামরিক বিমান পাঠানো কিংবা স্থল সীমান্তের নির্দিষ্ট কোনো পয়েন্টে সেনাবাহিনীর মাধ্যমে তাকে গ্রহণ করার মতো লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ভারত। ২০২৪ সালের ৫ই আগস্ট সামরিক বিমানে করে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। এর দুই বছরের বেশি সময় পর ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। বিবিসি বাংলার প্রতিবেদনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ। ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতন ঘটার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।

হাসিনার ফেরার বিষয়ে ভারতের পক্ষ থেকে দুটি প্রধান শর্তের কথা সামনে এসেছে। প্রথমত, দিল্লি চায় হাসিনার প্রত্যাবর্তন ও পুরো প্রক্রিয়াটি যেন বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করে। দ্বিতীয়ত, ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে তাকে যেন আপিল করার সুযোগ দেয়া হয়। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে দমনপীড়নের অভিযোগের বিচার প্রক্রিয়া নতুন করে এবং আন্তর্জাতিক ও গণমাধ্যমের নজরদারিতে সুষ্ঠুভাবে পরিচালনার নিশ্চয়তা চায় ভারত। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, জেনেশুনে কারও ফাঁসির জন্য তাকে হস্তান্তর করা ভারতের পক্ষে সম্ভব নয়। দ্বিতীয় শর্তটি ২০২৪ সালের অভ্যুত্থানে দমনপীড়নের অভিযোগে হাসিনার সাজা সংক্রান্ত। তাকে নতুন করে বিচারের মুখোমুখি করারও সুযোগ দেয়ার কথা বলেছে ভারত।

হাসিনাকে ফেরাতে ভারতের এই শর্তগুলো নিয়ে প্রশ্ন করা হলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে ভারত বা বাংলাদেশ—কোনো দেশের সরকারই আনুষ্ঠানিকভাবে এই শর্তগুলোর কথা নিশ্চিত করেনি। এর আগে গত ৯ই নভেম্বর ব্রিটিশ একটি ল’ ফার্মের মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন হাসিনা। দেশ ছাড়ার পর কর্তৃপক্ষের সঙ্গে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। যদিও সরকারের পক্ষ থেকে তার সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। এদিকে রয়টার্সকে হাসিনা জানিয়েছেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে ইচ্ছুক। রয়টার্সের খবর অনুযায়ী, সরকার তার অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়ে নয়াদিল্লি গত কয়েক মাস ধরে ঢাকার সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে আসছে। গত ৬ই অক্টোবর দিল্লিতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক হয়। যদিও দ্বিপাক্ষিক প্রতিরক্ষা আলোচনার কথা বলা হয়েছে, কিন্তু সামরিক সূত্রগুলো বলছে, এই বৈঠকে হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনার সম্ভাবনা ছিল। এদিকে শুক্রবার এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক মন্তব্য করেছেন যে, অন্য দেশগুলো আশ্রয় দিতে রাজি না হওয়ায় হাসিনা দেশে ফেরাকেই শেষ বিকল্প ভাবছেন। তবে বর্তমান পরিস্থিতিতে ডিসেম্বরে তার ফেরা অসম্ভব বলেই মনে করছেন ভারতীয় কর্মকর্তারা।