বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীসহ বেশ কয়েকজনকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের সরাসরি সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়ার দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাইফুর রহমানকে হাজির করা হলে শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে এই অভিযোগ উত্থাপন করা হয়।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সময় তদন্তকারী কর্মকর্তার দাখিল করা প্রতিবেদনে গুরুতর সব অভিযোগ উঠে এসেছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সাইফুর রহমান র্যাবে কর্মরত থাকাকালীন জিয়াউল হাসানের অন্যতম সহযোগী হিসেবে বিভিন্ন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। এছাড়া জিয়াউল হাসানের মামলায় সাক্ষ্য দেওয়া ব্যক্তিদের জবানবন্দিতেও তার নাম উঠে এসেছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইলিয়াস আলীসহ আরও অনেক ভিকটিমকে গুমের ঘটনায় সাইফুর রহমানের বিরুদ্ধে প্রত্যক্ষ সাক্ষ্য-প্রমাণ রয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, সাইফুর রহমানের বিরুদ্ধে তদন্ত সবেমাত্র শুরু হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে সব তথ্য-প্রমাণ জনসমক্ষে প্রকাশ করার আইনগত সুযোগ নেই, তবে তদন্ত এগিয়ে যাওয়ার সাথে সাথে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসবে।
শুনানি শেষে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল সাইফুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।



