ওমানে ৬০ বছর বা তার চেয়ে বেশি বয়সী প্রবাসী কর্মীদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ইস্যু এবং বিদ্যমান পারমিট নবায়নের সুযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে নিয়োগদাতাদের করা এমন অনেক আবেদনই কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছে বলে ভুক্তভোগী প্রবাসীরা জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে এই বয়সসীমার প্রবাসীদের ওয়ার্ক পারমিট দেওয়ার প্রক্রিয়াটি আর কার্যকর নেই।
দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত অভিজ্ঞ ও দক্ষ কর্মীদের ধরে রাখার লক্ষ্যে ২০২২ সালের জানুয়ারিতে ওমান সরকার ৬০ বছর পার হওয়ার পরও ওয়ার্ক পারমিট নবায়নের বিশেষ সুযোগ দিয়েছিল। তবে নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে দেশটি কার্যত সেই আগের নীতি থেকে সরে এল। যদিও দেশটির শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওয়ার্ক পারমিট নবায়নের অনলাইন সেবাটি এখনো সচল রয়েছে, কিন্তু সেখানে বয়সসীমা সংক্রান্ত কোনো স্পষ্ট নির্দেশনা বা তথ্য উল্লেখ করা হয়নি। এই আকস্মিক সিদ্ধান্তে দীর্ঘদিনের অভিজ্ঞ প্রবাসীরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।



