সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে শিক্ষিকার মৃত্যু: গ্রেপ্তার ২

, বাংলাদেশ

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে শিক্ষিকার মৃত্যু: গ্রেপ্তার ২

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে ছিটকে পড়ে নিহত শিক্ষিকা মোসা. রনজিনা পারভীনের মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। রোববার দুপুরে র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযানে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগী রয়েছেন।

নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। গত শনিবার রাতে তিনি চিকিৎসার প্রয়োজনে বগুড়া থেকে ঢাকায় আসেন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।