জাতীয় মানবাধিকার কমিশন বিল: সংসদীয় কমিটির আলোচনা বর্জন বিরোধী দলের

, বাংলাদেশ

জাতীয় মানবাধিকার কমিশন বিল: সংসদীয় কমিটির আলোচনা বর্জন বিরোধী দলের

জাতীয় মানবাধিকার কমিশন বিল নিয়ে আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেননি বিরোধী দলের সংসদ সদস্যরা। বিলটি পাসের পুরো প্রক্রিয়ার সঙ্গে কোনোভাবেই যুক্ত না থাকার সিদ্ধান্ত জানিয়েছেন তাঁরা। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে আলোচনা হলেও, মানবাধিকার কমিশন বিলের আলোচনার সময় বিরোধী দলের সদস্যরা বৈঠক থেকে বেরিয়ে যান।

কমিটিতে থাকা বিরোধী দলের তিন সদস্য হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাজিবুর রহমান, আল ফারুক আব্দুল লতিফ এবং আখতার হোসেন। তাঁরা কমিটির কাছে একটি লিখিত বক্তব্য জমা দিয়েছেন এবং এর অনুলিপি সাংবাদিকদেরও সরবরাহ করেছেন। গত বৃহস্পতিবার বিলটি সংসদে উত্থাপনের পর তা যাচাই-বাছাইয়ের জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।

লিখিত বক্তব্যে বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেছেন, সরকার ভুক্তভোগী, অংশীজন এবং দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর মতামতকে পুরোপুরি উপেক্ষা করে একতরফাভাবে ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫’ রহিত করেছে। তাঁদের দাবি, অধ্যাদেশটি বাতিলের সময় সরকার আরও শক্তিশালী ও কার্যকর আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিলেও, বাস্তবে তার চেয়ে অনেক দুর্বল ও সীমিত পরিসরের একটি বিল সংসদে আনা হয়েছে।

প্রস্তাবিত এই বিলটি প্যারিস প্রিন্সিপালসসহ মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক জোটের স্বীকৃত মানদণ্ড এবং আন্তর্জাতিক কনভেনশনগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া, মাত্র দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়ে সংসদীয় কমিটিকে কার্যত ‘রাবার স্ট্যাম্প’ হিসেবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে বলে তাঁরা মনে করছেন। অংশীজনদের সঙ্গে মতবিনিময় এবং স্বাধীনভাবে বিলটি পর্যালোচনার সুযোগ না থাকায় তাঁরা এই বিলের আলোচনা ও পাসের প্রক্রিয়ায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।