সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাতকালে প্রেসিডেন্ট বিজিবিকে সীমান্ত হত্যা, চোরাচালান, মাদকপাচার এবং পুশ-ইন রোধে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
সাক্ষাতের শুরুতে বিজিবি মহাপরিচালক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি বিজিবির সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন এবং সীমান্তে নজরদারি বাড়াতে বাহিনীতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি যুক্ত করার উদ্যোগের বিষয়টি তুলে ধরেন।
প্রেসিডেন্ট বলেন, দেশের সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের যে উদ্যোগ বিজিবি নিয়েছে, তার প্রশংসা করেন তিনি এবং এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় প্রেসিডেন্টের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



