কৌশলগত লক্ষ্য নির্ধারণে যুক্তরাষ্ট্র বিভ্রান্ত, ইরানের সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ বিশ্লেষকের

, বিশ্ব

কৌশলগত লক্ষ্য নির্ধারণে যুক্তরাষ্ট্র বিভ্রান্ত, ইরানের সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ বিশ্লেষকের

এক মাসের বিরতির পর ইরানের ওপর পুনরায় সামরিক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে অভিহিত করেছেন কিংস কলেজ লন্ডনের যুদ্ধবিষয়ক বিভাগের প্রভাষক ও নিরাপত্তা বিশ্লেষক সামির পুরি। তার মতে, ইরানের পাল্টা হামলার নির্ভুলতা ও কার্যকারিতা বর্তমানে স্পষ্টভাবে প্রমাণিত। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান অভিযানের ছয় মাস পেরিয়ে গেলেও ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা বিন্দুমাত্র কমেনি, বরং তাদের অস্ত্র ও গোলাবারুদ ফুরিয়ে আসার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সামির পুরি বলেন, দীর্ঘ ছয় মাস ধরে চলা এই সংঘাতের চূড়ান্ত পরিণতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বার্তাগুলো অত্যন্ত বিভ্রান্তিকর। ওয়াশিংটন একদিকে ইরানকে বিভিন্ন বিষয়ে ছাড় দিতে বাধ্য করতে চাইছে, অন্যদিকে সংঘাত তীব্র হওয়ার ঝুঁকিও বাড়ছে। বিশ্লেষকের মতে, এই বৈপরীত্যই প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র বর্তমানে তার কৌশলগত লক্ষ্য নিয়ে চরম বিভ্রান্তির মধ্যে রয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান নিয়েও নতুন সমীকরণ তৈরি হয়েছে। চলতি সপ্তাহে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে চীন, রাশিয়া ও ভারতের মতো প্রভাবশালী দেশগুলোর সমর্থন প্রমাণ করে যে, তেহরান বৈশ্বিকভাবে মোটেও বিচ্ছিন্ন নয়। সব মিলিয়ে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ইরানের ওপর মার্কিন এই নতুন হামলা সংঘাতকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক সামির পুরি।