যুক্তরাজ্যে কাতারের আমিরের নামে নতুন ইনোভেশন সেন্টার

, শিক্ষা

যুক্তরাজ্যে কাতারের আমিরের নামে নতুন ইনোভেশন সেন্টার

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে নতুন একটি ইনোভেশন সেন্টার গড়ে তোলা হচ্ছে। ‘হিজ হাইনেস শায়খ তামিম বিন হামাদ আল থানি সেন্টার ফর ইনোভেশন’ নামে এই কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সফররত কাতারের উপপ্রধানমন্ত্রী ও রাষ্ট্রীয় প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী। সফরের শুরুতে একাডেমির কমান্ডার ব্রিগেডিয়ার নিক কক্স বিমানবন্দরে কাতারি প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রবীণ বিষয়ক মন্ত্রী লর্ড বেন ওয়ালেস, ব্রিটিশ আর্মির চিফ অব দ্য জেনারেল স্টাফ জেনারেল স্যার রোল্যান্ড ওয়াকার এবং যুক্তরাজ্যে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত শেখ আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন সৌদ আল থানি উপস্থিত ছিলেন। এছাড়া দুই দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও কূটনীতিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। নতুন এই কেন্দ্রটি স্যান্ডহার্স্ট একাডেমির শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। এটি আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থী ও সামরিক কর্মীদের বুদ্ধিবৃত্তিক দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

এই সফরকে কেন্দ্র করে কাতার ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপক্ষীয় সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশ যৌথভাবে সামরিক প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির নানা উপায় পর্যালোচনা করেছে। কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে এই ইনোভেশন সেন্টার স্থাপন দুই দেশের দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা সম্পর্কের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সফরের একপর্যায়ে কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে বর্তমানে অধ্যয়নরত কাতারি অফিসার এবং ক্যাডেটদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাদের প্রশিক্ষণের খোঁজখবর নেন এবং তাদের উৎসাহিত করেন। আধুনিক সামরিক শিক্ষার প্রসারে এবং দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এই প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।