চলতি সেপ্টেম্বর মাসটি বাংলাদেশের বিনোদন অঙ্গনে বেশ ঘটনাবহুল ছিল। ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর অনাকাঙ্ক্ষিত হামলা, ৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে চলচ্চিত্রের নাম ঘোষণা, ঢাকায় বেশ কয়েকটি কনসার্ট স্থগিত এবং তারকাদের কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি আশির দশকের লুক সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে গিয়ে ৭ সেপ্টেম্বর হামলার শিকার হন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। প্রদর্শনী শেষে পরিবারের সদস্যদের সঙ্গে পার্কে ঘোরার সময় তিনি হেনস্তার মুখোমুখি হন। বাঁধন অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণেই তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিনি স্থানীয় থানায় লিখিত অভিযোগও দায়ের করেন। ঘটনার প্রতিবাদে ঢাকার শিল্পীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রাপ্তির তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নাম। ৯৯তম অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। গত ২৭ সেপ্টেম্বর অস্কার বাংলাদেশ কমিটি এ ঘোষণা দেয়। অস্কারের জন্য জমা পড়া পাঁচটি চলচ্চিত্রের মধ্য থেকে এটি নির্বাচন করা হয়। গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। সেগুলোর মধ্য থেকে ছবিটি বেছে নেয় অস্কার বাংলাদেশি কমিটি।
ঢাকায় বড় আয়োজনের একাধিক কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত হওয়ায় হতাশ হয়েছেন সংগীতপ্রেমীরা। অনুমতি ও নিরাপত্তাজনিত জটিলতায় ২৫ সেপ্টেম্বর জেমস, আলী আজমত, মুস্তাফা জাহিদ, জাল, লেভেল ফাইভ, নেমেসিস ও শিরোনামহীন ব্যান্ডের অংশগ্রহণে নির্ধারিত ‘ম্যাক্স রিপাবলিক’ কনসার্টটি হয়নি। একই দিনে হাবিব ওয়াহিদের সঙ্গে পাকিস্তানের মুর্তজা কিজিলবাশের পরিবেশনায় ‘সেন্স ইট উইথ মুর্তজা কিজিলবাশ’ অনুষ্ঠানটিও বাতিল করা হয়। এছাড়া ২৬ সেপ্টেম্বর ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ কনসার্টে শিরোনামহীন ও মেঘদলের পারফরম্যান্স হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে তা স্থগিত করা হয়েছে। নিরাপত্তার কারণে স্থগিত কনসার্ট, টিকিটের টাকা কি ফেরত পাবেন দর্শক।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের আশির দশকের লুকে দেখা গেছে ব্যাপক উৎসাহ। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা এসব ছবিতে সেই সময়ের বিশেষ সাজগোজ, পোশাক ও চুলের স্টাইলে দেখা গেছে পূর্ণিমা, অপূর্ব, ভাবনা, তৌসিফ মাহবুব, তমা মির্জা, পূজা চেরী, সাফা কবির, অর্চিতা স্পর্শিয়া ও নাবিলার মতো তারকাদের। পুরনো দিনের ঢাকাই সিনেমার স্মৃতিবিজড়িত এই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছিল নেটিজেনদের মাঝে। তারকা থেকে সাধারণ মানুষ—অনেকেই এমন ছবি তৈরি করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। কারও ছবিতে পুরোনো বাংলা সিনেমার নায়িকার সাজ, কারও ছবিতে আবার সেই সময়ের চুলের স্টাইল ও পোশাক।



