জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আরও তীব্র হচ্ছে ইন্ডিয়া জোটের

, বাংলাদেশ

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আরও তীব্র হচ্ছে ইন্ডিয়া জোটের

ভারতের রাজধানী দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরালো করার ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’। জোটের নেতারা জানিয়েছেন, এই প্রতিবাদ এখন কেবল দলীয় কর্মসূচি নয়, বরং ‘জাতির প্রয়োজনে’ পরিণত হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার বিষয়ে বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ। এই প্রতিবাদে ইন্ডিয়া জোটের আনুষ্ঠানিক শরিকদের বাইরেও বিজু জনতা দল (বিজেডি)-সহ বিভিন্ন বিরোধী দল সমর্থন জানিয়ে শামিল হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কৌশল নির্ধারণের জন্য জোটের সাংসদদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এরপর তারা রাজঘাটের উদ্দেশ্যে পদযাত্রা করতে পারেন। এদিকে কংগ্রেসের পক্ষ থেকে ৮ অক্টোবরকে দেশজুড়ে ‘কালো দিবস’ হিসেবে পালন করার ডাক দেওয়া হয়েছে। বুধবার যা ঘটেছে এবং পরবর্তী কর্মপন্থা নিয়ে আলোচনার জন্য বিরোধী দলের সাংসদরা বৃহষ্পতিবার দুপুর পৌনে দুটো নাগাদ দিল্লির একটি ক্যাফেতে বৈঠকে বসে তাদের আন্দোলনের কৌশল ঠিক করবেন।

বিক্ষোভকে কেন্দ্র করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। বুধবার দিল্লিতে বিক্ষোভ চলাকালীন পুলিশ সদস্যদের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া এবং অসদাচরণের অভিযোগে এই মামলা করা হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া অন্যান্য কংগ্রেস নেতা ও কর্মীদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। গত বুধবার রাহুল গান্ধীর নেতৃত্বে চলা বিক্ষোভ থেকে বিভিন্ন সাংসদ ও নেতাসহ মোট ৯১ জনকে আটক করা হয়েছিল। এরপর পুলিশ তাকে ও আরও কয়েকজন সাংসদকে আটক করেছিল।

সিপিআই সাংসদ পি. সন্তোষ কুমার জানিয়েছেন, এই আন্দোলনে সাংসদদের অংশগ্রহণ আরও বাড়বে। অন্যদিকে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছিল বিরোধী দলগুলো। রাষ্ট্রপতি কার্যালয় থেকে ১৫ জনের প্রতিনিধি দলের আবেদনের বিপরীতে ১০ জনকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে। এই প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতির কাছে তারা নির্বাচন কমিশনারের কথিত বেআইনি কর্মকাণ্ডের খতিয়ান পেশ করবেন বলে জানা গেছে।