নিরাপদ খাদ্য নিশ্চিতে ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন প্রধানমন্ত্রীর

, বাংলাদেশ

নিরাপদ খাদ্য নিশ্চিতে ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন প্রধানমন্ত্রীর

নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে চালু হওয়া ভ্রাম্যমাণ পরীক্ষাগার বা মোবাইল ল্যাবরেটরি ভ্যান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে নিজের দপ্তরে প্রবেশের আগে মন্ত্রিপরিষদ বিভাগের নিচে রাখা এই বিশেষ ভ্যানটি তিনি সরাসরি ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, ল্যাবের ভেতরে প্রবেশ করে প্রধানমন্ত্রী খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে ভেজাল বিরোধী অভিযানের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

কর্মকর্তারা জানান, বর্তমানে দেশের ৮টি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম চলছে। জনস্বার্থ বিবেচনায় ভেজাল বিরোধী অভিযান জোরদার করতে পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলাতেই এই কার্যক্রম সম্প্রসারিত করা হবে। মূলত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিয়ে জনসচেতনতা বাড়াতে ভ্যানের বাইরের দিকে মনিটরে বিশেষ সচেতনতামূলক ভিডিও প্রচারের ব্যবস্থাও রাখা হয়েছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে উপ-প্রেস সচিব আরও জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় আরও ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।