ওমানের কৃষি খাতে পাঁচ হাজার বাংলাদেশি শ্রমিক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির কৃষি সংস্থা ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন (ওএএ) এই নিয়োগের জন্য ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে। ওমান ডেইলি অবজার্ভারের বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী, ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের অনুমোদনের ভিত্তিতেই এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তথ্য অনুযায়ী, আবেদন গ্রহণ কার্যক্রমটি শুধুমাত্র আল ধাহিরাহ শাখার নিবন্ধিত সদস্যদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগ্রহী আবেদনকারীদের বার্ষিক সদস্যপদ ফি বাবদ ২৫ ওমানি রিয়াল পরিশোধ করতে হবে। এছাড়া আবেদনের সঙ্গে কৃষি হোল্ডিং সনদ, জাতীয় পরিচয়পত্র, শ্রম মন্ত্রণালয়ের বৈধ ওয়ার্ক পারমিট এবং ২০২৬-২৭ মৌসুমের কৃষি চাষ ফরমের ফটোকপি জমা দিতে হবে। এই ফরমে চাষকৃত ফসল ও জমির বিস্তারিত তথ্য থাকতে হবে।
আগামী ৯ থেকে ২০ আগস্ট পর্যন্ত সরকারি কর্মদিবসে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইবরির আল মুরতাফায় অবস্থিত ওএএর কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়া যাবে। সংস্থাটি স্পষ্ট করেছে যে, অসম্পূর্ণ আবেদন বা প্রয়োজনীয় নথিপত্র ছাড়া জমা দেওয়া কোনো আবেদনই বিবেচনায় নেওয়া হবে না।
ওমানের কৃষি সনদ প্রদানকারী কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, অনুমোদিত পাঁচ হাজার শ্রমিকের এই কোটা ওমানজুড়ে নিবন্ধিত কৃষি অ্যাসোসিয়েশনগুলোর সদস্যদের জন্য সংরক্ষিত। এই কোটা বিভিন্ন অ্যাসোসিয়েশনের মধ্যে বণ্টন করা হবে এবং প্রতিটি অ্যাসোসিয়েশন সর্বোচ্চ ৩৩০ জন বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের সুযোগ পাবে।



