জাপান সফরের অংশ হিসেবে বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে ফাস্ট রিটেইলিংয়ের দীর্ঘদিনের সম্পৃক্ততা ও আস্থা প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান। বিশেষ করে ম্যান-মেড ফাইবার বা কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদনের মতো সম্ভাবনাময় খাতে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন তিনি। এছাড়া প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী পণ্যের প্রসার এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া জোরদারের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশে বিনিয়োগ বাড়ালে জমির সংস্থান, অনুমোদন প্রক্রিয়া সহজীকরণসহ প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহায়তা দিতে সরকার প্রস্তুত রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।
উভয় পক্ষ বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেয়। এই চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও দৃঢ় করবে বলে উভয় পক্ষ প্রত্যাশা ব্যক্ত করেছে। এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। জাপানি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই উপস্থিত ছিলেন।



