রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১১টার দিকে তার দাপ্তরিক কক্ষে ৮-৯ জনের একটি দল প্রবেশ করে তাকে মারধর করে। এ সময় তিনি বেশ কয়েকজন ব্যক্তির সাথে বৈঠকে ব্যস্ত ছিলেন। চেয়ার থেকে টেনে তুলে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার বিষয়ে পরিচালক কাজী আহমেদ জাকি অভিযোগ করে জানান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে এই হামলা চালিয়েছেন। হামলার দায় স্বীকার করে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ গণমাধ্যমকে বলেন, পরিচালকের কিছু দোষ রয়েছে। এ সময় তিনি মুঠোফোনে থাকা একটি ছবি দেখিয়ে দাবি করেন, বিগত সরকারের আমলে মীরজাদী সাবরিনা ফ্লোরার সাথে কেন কাজী আহমেদ বৈঠক করেছিলেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
উল্লেখ্য, মীরজাদী সাবরিনা ফ্লোরা জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আইইডিসিআরের পরিচালক ছিলেন এবং করোনা মহামারি সময়ে সংবাদ সম্মেলনে নিয়মিত ব্রিফ করে পরিচিতি পান। পরবর্তীতে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করেছিলেন।



