পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

, বাংলাদেশ

পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশের পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার টোকিওতে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) সদর দপ্তরে আয়োজিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানের মাধ্যমে ১৭টি নতুন বিনিয়োগ ও সহযোগিতা প্রকল্পের ঘোষণা এসেছে। ফোরামের ঘোষণাপর্বের সরবরাহকৃত ট্রান্সক্রিপ্ট অনুযায়ী ১৭টি প্রকল্পের উল্লেখ করা হয়।

জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন ও জেট্রো যৌথভাবে এই আয়োজনে সহায়তা করেছে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার তালিকায় থাকা পাঁচটি খাতের মধ্যে রয়েছে গাড়ি উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ গবেষণা, দ্রুতগতির রেল ও লজিস্টিকস এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ। এসব খাতে বিনিয়োগ বাড়াতে তিনি সরকারি সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এলএনজি অবকাঠামো, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস ও ইলেকট্রনিকস উৎপাদনের জন্য একটি ডেডিকেটেড প্রযুক্তি পার্ক স্থাপনের পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশালসহ প্রধান শহরগুলোকে দ্রুতগতির রেল নেটওয়ার্কে যুক্ত করার লক্ষ্য রয়েছে সরকারের।

বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ, অবকাঠামোগত উন্নয়ন এবং কর ও শুল্ক কাঠামোয় স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে জেট্রোর প্রেসিডেন্ট সুসুমু কাতাওকা এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পার্লামেন্টারি ভাইস-মিনিস্টার শিনজি ওয়াকায়ামা বক্তব্য রাখেন।

ফোরামে বিনিয়োগনির্ভর অর্থনীতির মডেল তুলে ধরেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিনিয়োগ প্রক্রিয়া সহজতর করতে নেয়া নতুন সংস্কার উদ্যোগের কথা জানান ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এছাড়া টয়োটা তসুশো করপোরেশন, মিৎসুই অ্যান্ড কো. এবং কিউশু বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে ব্যবসায়িক ভবিষ্যৎ ও যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়। জাপানি ব্যবসাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে মিৎসুই অ্যান্ড কো. (এশিয়া প্যাসিফিক)-এর ঢাকা শাখার ব্রাঞ্চ জেনারেল ম্যানেজার ও কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতোর উপস্থাপনার বিষয় ছিল বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে যৌথ উদ্যোগ।

অনুষ্ঠানে ওয়াইকেকে করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট রেইসুকে আরাতানি বাংলাদেশে তাদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন। অন্যদিকে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বাংলাদেশে উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনাময় উদীয়মান ব্যবসা খাতের চিত্র উপস্থাপন করেন। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেট্রো ঢাকা কার্যালয়ের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুআকি কাতাওকা।