রিপোর্ট রুবেল তালুকদার টাইম নিউজ সেভেন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালেঞ্জা নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ একটি ব্রিজ বর্তমানে ঝুঁকির মুখে পড়েছে। তৎকালীন বিএনপি সরকারের আমলে প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের উদ্যোগে নির্মিত এই ব্রিজটি দীর্ঘদিন ধরে রায়গঞ্জসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকারের আমলে একটি প্রকল্পের আওতায় নদী খনন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নদীর বিভিন্ন অংশের পাশাপাশি ব্রিজের নিচেও ব্যাপক খনন করা হয়। ফলে ব্রিজের পিলারের নিচ থেকে প্রায় ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত মাটি সরে গেছে, যা ব্রিজটির স্থায়িত্বের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।
এছাড়া খনন কার্যক্রমের ফলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়েছে। এর প্রভাবে নদী তীরবর্তী এলাকার বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি ও ভিটামাটি ভাঙনের মুখে পড়েছে। প্রতিনিয়ত ভূমি ক্ষয় হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ব্রিজের পিলার রক্ষা ও নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।