রিপোর্টার: রুবেল তালুকদার
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুরে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে জাহিদ হাসান নামের এক সাংবাদিকের ওপর পরিকল্পিত হামলা ও গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক শাহজাদপুর থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে লিখিত এজাহার দায়ের করেছেন।
ভুক্তভোগী জাহিদ হাসান শাহজাদপুর প্রেস ক্লাবের সদস্য এবং একটি স্থানীয় পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।
অভিযোগে জানা যায়, শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদায়ির এলাকায় মহাসড়কের পাশ ঘেঁষে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ক্যানেল থেকে একটি চক্র অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে রাতের অন্ধকারে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছিল। বিষয়টি নিয়ে সাংবাদিক জাহিদ হাসান সরেজমিনে গিয়ে ভিডিওচিত্র ধারণ করেন এবং “জনপদ সংবাদ” নামের একটি অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেজে ছবি ও তথ্যসহ প্রতিবেদন প্রকাশ করেন।
প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরবর্তীতে স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে ওই স্থান থেকে মাটি কাটার কার্যক্রম বন্ধ করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে অবৈধ মাটি ব্যবসার সঙ্গে জড়িত চক্রটি সাংবাদিকের ওপর চড়াও হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
গত শনিবার রাত আনুমানিক ৮টার দিকে বাঘাবাড়ি এলাকা থেকে বাড়ি ফেরার পথে আলোকদিয়ার ব্রিজের ওপর আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন যুবক জাহিদ হাসানের মোটরসাইকেলের গতিরোধ করে। তারা তাকে গালিগালাজ ও ধাক্কাধাক্কি করে মোটরসাইকেল থেকে নামিয়ে দেয়। একপর্যায়ে তাকে চলন্ত গাড়ির সামনে ঠেলে ফেলে দিয়ে পিষ্ট করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। এ সময় পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে আহত সাংবাদিক বাড়িতে ফিরে বিষয়টি সাংবাদিক নেতাদের অবহিত করেন। ঘটনার পর শাহজাদপুর প্রেস ক্লাবের নেতারা উদ্বেগ প্রকাশ করেন। তাদের পরামর্শে রোববার রাত ১০টার দিকে জাহিদ হাসান থানায় লিখিত এজাহার দাখিল করেন।
এ বিষয়ে শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম. এ. জাফর লিটন বলেন, সাংবাদিকদের ভয়ভীতি ও হামলার মাধ্যমে চুপ করিয়ে দেওয়ার অপচেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। দুর্নীতি ও অনিয়ম তুলে ধরায় একজন সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।