রিপোর্ট: রুবেল তালুকদার : জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। এ পর্যায়ে সিরাজগঞ্জ জেলার দুটি সংসদীয় আসন জোটের শরিক দলগুলোর মধ্যে বণ্টন করা হয়েছে।
সমঝোতা অনুযায়ী, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী দেবে।
বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে এই আসন সমঝোতার ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৫৩টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে শরিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে।
ঘোষিত তালিকা অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে নির্বাচন করবে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, এবি পার্টি ৩টি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) ২টি এবং নেজামে ইসলাম ২টি আসনে প্রার্থী দেবে।
তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা ও খেলাফত আন্দোলনের সঙ্গে আসন বণ্টনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা।