কাতারে খোলা জায়গায় গাড়ি ধোয়া নিষিদ্ধ: অমান্য করলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা

, বিশ্ব

কাতারে খোলা জায়গায় গাড়ি ধোয়া নিষিদ্ধ: অমান্য করলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা

কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (MOCI) দেশজুড়ে সরকারি ও বেসরকারি পার্কিং লট, শপিং মল এবং রাস্তার ধারের খোলা জায়গায় গাড়ি ধোয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। বাণিজ্যিক কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানো, অননুমোদিত সেবাদানকারীদের দৌরাত্ম্য কমানো এবং পাবলিক ও প্রাইভেট পার্কিং স্পেসের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে এই নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে।

মন্ত্রণালয়ের স্পষ্ট ঘোষণা অনুযায়ী, উন্মুক্ত স্থানে গাড়ি ধোয়ার যেকোনো কার্যক্রম এখন থেকে সম্পূর্ণ বেআইনি হিসেবে গণ্য হবে। যারা এই সরকারি নির্দেশনা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সকল ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ সার্ভিস প্রোভাইডারদের আইনগত জটিলতা এড়াতে এই নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, গাড়ি ধোয়ার সেবা কেবল লাইসেন্সপ্রাপ্ত কোম্পানিগুলোই প্রদান করতে পারবে। এই সেবা শুধুমাত্র শপিং মল বা বাণিজ্যিক কেন্দ্রগুলোর নির্ধারিত ভূগর্ভস্থ (বেসমেন্ট) পার্কিং লটে সীমাবদ্ধ থাকবে। এছাড়া, ভূগর্ভস্থ পার্কিংয়ে সেবা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট মল কর্তৃপক্ষের পূর্বানুমতি থাকা বাধ্যতামূলক এবং সেখানে পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা থাকতে হবে।

লাইসেন্সপ্রাপ্ত কোম্পানিগুলোর জন্য মন্ত্রণালয় বেশ কিছু কঠোর শর্ত আরোপ করেছে। সেবাদানকারী কর্মীদের অবশ্যই পরিচ্ছন্ন ইউনিফর্ম পরিধান করতে হবে, যেখানে কোম্পানি ও কর্মীর নাম স্পষ্টভাবে উল্লেখ থাকবে। কাজের সময় আধুনিক ও পরিবেশবান্ধব সরঞ্জাম ব্যবহার নিশ্চিত করতে হবে এবং কর্মস্থল ও এর আশপাশের এলাকা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, কোনোভাবেই গ্রাহকদের বিরক্ত করা বা তাদের পিছু নেওয়া যাবে না। এই বিধিনিষেধের মূল লক্ষ্য হলো অবৈধভাবে গাড়ি ধোয়ার প্রবণতা বন্ধ করা এবং কাতারজুড়ে বাণিজ্যিক সেবার মান নিশ্চিত করা। সংশ্লিষ্ট সকল পক্ষকে এই নিয়মাবলী কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে, যাতে পার্কিং স্পেসগুলোর সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় থাকে।