ঋণখেলাপি হওয়ার কারণে ব্যবসায়িক সংকটে পড়া বেক্সিমকো গ্রুপের দুটি কোম্পানিকে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রুপটির প্রতিষ্ঠান বেক্সিমকো এলপিজি ইউনিট-১ এবং শাইনপুকুর সিরামিকসের কার্যক্রম সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংক সোমবার এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। এর মাধ্যমে ব্যাংক কোম্পানি আইনের কঠোর বিধিনিষেধের মুখে থাকা কোম্পানি দুটি কিছু শর্তসাপেক্ষে নতুন করে ঋণ সুবিধা পাওয়ার সুযোগ পেল।
ন্যাশনাল ব্যাংকের ঋণখেলাপি প্রতিষ্ঠান বেক্সিমকো এলপিজি ইউনিট-১-এর ক্ষেত্রে বিদ্যমান নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কোম্পানিটি শতভাগ মার্জিনের বিপরীতে ঋণপত্র খোলা ও চলতি মূলধন সরবরাহ সুবিধা পাবে। মূলত ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ২৭ কক(৩) ধারায় খেলাপি গ্রাহকদের ঋণ সুবিধা পাওয়ার ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, তা থেকেই এই অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
শর্ত অনুযায়ী, কোম্পানিটিকে তার সব ধরনের আয় একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখতে হবে এবং সেখান থেকে ন্যাশনাল ব্যাংকের পাওনা নিয়মিতভাবে আনুপাতিক হারে পরিশোধ করতে হবে। এছাড়া কোম্পানিটিকে স্পষ্ট করা হয়েছে যে, এই ঋণ সুবিধার বিপরীতে সরকার বা বাংলাদেশ ব্যাংকের কোনো দায় তৈরি হবে না। এমনকি ন্যাশনাল ব্যাংক ভবিষ্যতে এ বিষয়ে সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা দাবি করতে পারবে না।
অন্যদিকে, রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের খেলাপি গ্রাহক শাইনপুকুর সিরামিকসকেও একই ধরনের আইনি ছাড় দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় কোম্পানিটির ১০৫ কোটি টাকার বিদ্যমান চলতি মূলধন সীমা নবায়নের ক্ষেত্রে আইনি নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। শাইনপুকুর সিরামিকসকেও বেক্সিমকো এলপিজির মতোই একই শর্তাবলী মেনে চলতে হবে। দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে এই সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।



