ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) সম্প্রতি আন্তর্জাতিক মানের তিনটি পিয়ার-রিভিউড একাডেমিক জার্নাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশনস (সিআরডিপি)-এর আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই জার্নালগুলোর মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশিত জার্নালগুলোর মধ্যে রয়েছে ‘আইএসইউ জার্নাল অব ইংলিশ স্টাডিজ’ (JES), ‘আইএসইউ জার্নাল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ (JET) এবং ‘আইএসইউ জার্নাল অব বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ (JBDS)। আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণা প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত হওয়ার ফলে এই প্রকাশনাগুলো বিশ্বজুড়ে গবেষক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের কাছে সহজলভ্য হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউর উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ক্ষেত্রে মানসম্মত গবেষণা এবং আন্তর্জাতিক মানের একাডেমিক প্রকাশনার কোনো বিকল্প নেই। এই জার্নালগুলো বিশ্ববিদ্যালয়ের গবেষণাবান্ধব পরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং বৈশ্বিক পর্যায়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখবে। সিআরডিপির পরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, গবেষণার মানই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি নির্দেশ করে, যা বৈশ্বিক জ্ঞানচর্চায় আইএসইউর অবস্থানকে আরও সুদৃঢ় করবে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, আইকিউএসি পরিচালক, রেজিস্ট্রারসহ শিক্ষক ও গবেষকদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।



