ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু সংক্রান্ত মামলায় খল অভিনেতা ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর দীর্ঘ সময় পার হলেও তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য রয়ে গিয়েছিল। দীর্ঘ বিরতির পর চিত্রনায়কের মামা আলমগীর কুমকুম রমনা থানায় এ বিষয়ে মামলা দায়ের করেন।
মামলাটিতে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে পা রাখা সালমান শাহকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে বলে তার পরিবার শুরু থেকেই অভিযোগ করে আসছে। চিত্রনায়কের মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা মামলা করতে চাইলেও পুলিশ সেটিকে কেবল অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করেছিল। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, অপমৃত্যুর মামলার তদন্তে যদি হত্যাকাণ্ডের কোনো প্রমাণ পাওয়া যায়, তবে তা স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় রূপান্তর করা হবে। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে সালমান শাহ দর্শক হৃদয়ে যে স্থান তৈরি করেছিলেন, তা আজও অম্লান।



