হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (অ্যাডনক) একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়ামের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে অ্যাডনক এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, এই হামলায় কোনো ক্রু সদস্য হতাহত হননি এবং বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ওয়েবসাইট সেপাহ নিউজ জানায়, আমিরাতের একটি তেলবাহী জাহাজ হামলার শিকার হয়েছে এবং সেটিতে আগুন ধরে গেছে।
শুক্রবার (৭ আগস্ট) পৃথক এক বিবৃতিতে অ্যাডনক জানায়, শুধু চলতি সপ্তাহেই হরমুজ প্রণালিতে তাদের তিনটি জাহাজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অ্যাডনকের মোট ১৫টি জাহাজ হামলার কবলে পড়েছে। এসব ঘটনায় একজন ক্রু নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এই ধারাবাহিক হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।
এদিকে, ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইভি এক বিবৃতিতে বলেন, এই হামলা বিপজ্জনক ও অগ্রহণযোগ্য। একই সঙ্গে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে নৌ চলাচলের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সরাসরি হুমকি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে।



