পবিত্র রমজান মাস কবে শুরু হবে এবং ঈদুল ফিতর কোন দিনে উদযাপিত হতে পারে, তা নিয়ে জনমনে আগ্রহ বাড়ছে। জর্দান নিউজের একটি প্রতিবেদনের তথ্যমতে, সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ১৪৪৮ হিজরি সালের রমজান মাস ২০২৭ সালের ফেব্রুয়ারির শুরুতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।
রমজান শুরুর আগে শাবান মাসের ২৯ তারিখে নতুন চাঁদ দেখার ওপর ভিত্তি করে মাসটি শুরু হবে। যদি শাবান মাস ৩০ দিনে পূর্ণ হয়, তবে ৭ ফেব্রুয়ারি রবিবার মাসটি শেষ হবে এবং ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রমজান শুরু হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজানের প্রথম দিন চূড়ান্ত করা হবে।
২০২৭ সালের ঈদুল ফিতরের তারিখটি রমজান মাসের দৈর্ঘ্যের ওপর নির্ভর করবে। বর্তমান হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরি সালের রমজান মাস ২৯ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হিসাব সঠিক হলে ১০ মার্চ ২০২৭, বুধবার ঈদুল ফিতর পালিত হতে পারে।
তবে মনে রাখা প্রয়োজন যে, রমজান ও ঈদের তারিখ সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণার পরই তারিখ নিশ্চিত হবে। বাংলাদেশের ক্ষেত্রেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।



