বার্সেলোনার জার্সিতে দীর্ঘ সময় মাঠ কাঁপানোর পর এবার নতুন পরিচয়ে ফিরলেন সার্জিও বুসকেটস। তবে খেলোয়াড় হিসেবে নয়, ৩৮ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার এখন থেকে বার্সেলোনার রিজার্ভ দল ‘বার্সা অ্যাটলেতিক’-এর সহকারী কোচ হিসেবে কাজ করবেন। প্রধান কোচ জুলিয়ানো বেলেত্তির কোচিং প্যানেলের সদস্য হিসেবে তিনি তার নতুন কর্মজীবন শুরু করেছেন।
বর্তমানে বুসকেটস তার কোচিং লাইসেন্স বা ব্যাজ অর্জনের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এই কোর্সের অংশ হিসেবে ব্যবহারিক অভিজ্ঞতা লাভের পাশাপাশি তরুণ ফুটবলারদের নিজের দীর্ঘদিনের অর্জিত কৌশল ও ফুটবলীয় জ্ঞান শেখাবেন তিনি। গত বছরের ডিসেম্বরে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণার পর থেকেই তার বার্সেলোনায় ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল, যা অবশেষে বাস্তবে রূপ নিল।
বার্সা অ্যাটলেটিকে যোগ দেওয়ার মাধ্যমে নিজের পুরনো ক্লাবের সাথে আবারও যুক্ত হলেন বুসকেটস। মাঠের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তরুণদের গড়ে তোলাই এখন তার মূল লক্ষ্য। তার এই নতুন যাত্রাকে ঘিরে বার্সেলোনা সমর্থকদের মধ্যেও বেশ ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।



