বলিউড স্টাইলে যুদ্ধের পরাজয় আড়াল করা সম্ভব নয়, দাবি পাকিস্তান সেনাবাহিনীর

, বিশ্ব

বলিউড স্টাইলে যুদ্ধের পরাজয় আড়াল করা সম্ভব নয়, দাবি পাকিস্তান সেনাবাহিনীর

ভারতের তৈরি ‘অপারেশন সিন্দুর’ নামক একটি তথ্যচিত্র নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, বলিউডের সিনেমাটিক কায়দায় যুদ্ধের বাস্তবতা পরিবর্তন করা বা সামরিক পরাজয় আড়াল করা কোনোভাবেই সম্ভব নয়। তাদের মতে, ভারত নিজেদের ব্যর্থতা স্বীকার করতে ব্যর্থ হয়ে নাটকীয় উপস্থাপনার মাধ্যমে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে।

আইএসপিআরের দাবি অনুযায়ী, তথ্যচিত্রটিতে অতিরঞ্জিত ও ভুল তথ্যের আশ্রয় নেওয়া হয়েছে, যেখানে ভারতকে একতরফাভাবে বিজয়ী হিসেবে তুলে ধরার অপচেষ্টা চালানো হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনী এই ভিডিওটিকে ‘ট্র্যাজেডি ও কমেডি’র একটি অদ্ভুত সংমিশ্রণ হিসেবে অভিহিত করেছে এবং বিষয়টিকে বাস্তবতাবিবর্জিত ও হাস্যকর বলে মন্তব্য করেছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে, প্রকৃত সত্য গোপন করা সম্ভব নয়। তারা ‘মারকা-ই-হক’ এবং তাদের পাল্টা সামরিক অভিযান ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’-এর নথিপত্র, আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন এবং ভারতের নিজস্ব স্বীকারোক্তির দিকে ইঙ্গিত করেছে। তাদের ভাষ্যমতে, ভারতের একাধিক সামরিক বিমান ভূপাতিত হওয়া এবং ২৬টি সামরিক স্থাপনায় হামলার মতো ঘটনাগুলো কোনো সিনেমাটিক প্রচারণার মাধ্যমে মুছে ফেলা সম্ভব নয়।

আইএসপিআর স্পষ্টভাবে জানিয়েছে যে, যুদ্ধের বাস্তব ঘটনা প্রচারণার মাধ্যমে পাল্টে দেওয়া যায় না। ভবিষ্যতে এ ধরনের কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে পাকিস্তান তার কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে বলেও দেশটির সেনাবাহিনী সতর্কবার্তা দিয়েছে।