বাহরাইনের শিল্প স্থাপনায় ইরানের হামলার নিন্দা জানাল কাতার

, বিশ্ব

বাহরাইনের শিল্প স্থাপনায় ইরানের হামলার নিন্দা জানাল কাতার

বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় সাম্প্রতিক হামলার ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছে কাতার। দোহা এই হামলাকে বাহরাইনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চরম পরিপন্থী এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, বেসামরিক অবকাঠামো, অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের ওপর যেকোনো ধরনের আক্রমণ কাতার দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে। এই ধরনের কর্মকাণ্ড জাতিসংঘ সনদ ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির পরিপন্থী। এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দেবে এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে বলে সতর্কতা দিয়েছে দেশটি।

বিবৃতিতে আরও বলা হয়, নিজের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বাহরাইন যেকোনো বৈধ পদক্ষেপ নিলে তাতে কাতারের পূর্ণ সমর্থন ও সংহতি থাকবে। অঞ্চলের নিরাপত্তা বজায় রাখতে দোহা তার কূটনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করেছে।